প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আপাতত কোনো তাড়াহুড়োর প্রয়োজন নেই বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি বলেছেন, উপযুক্ত সময় এলে প্রধানমন্ত্রীর সফর অবশ্যই হবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর নিয়ে প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আগামী নভেম্বরে তারেক রহমানের ভারত সফরের সম্ভাব্য তারিখ নির্ধারণ হয়েছে কি না—এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ভারতীয় হাইকমিশনার বলেন, সফরটি নিয়ে এরই মধ্যে অনেক আলোচনা হয়েছে। ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।
তিনি বলেন, ‘এটা নিয়ে আমার মনে হয় না এবারে কোনো তাড়াহুড়োর দরকার আছে। যখন সময় হবে, নিশ্চয়ই হবে।’
দীনেশ ত্রিবেদী আরও বলেন, প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছে এবং সফর নিয়ে সার্বিক পরিস্থিতি ইতিবাচক।
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে সম্প্রতি দুই দেশের কূটনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। তবে সফরের নির্দিষ্ট তারিখ এখনো চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে মঙ্গলবার কোনো তথ্য দেননি ভারতীয় হাইকমিশনার।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংক্ষেপে বলেন, ‘সবকিছু ইতিবাচক।’