কারিগরি ত্রুটির কারণে ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। এতে বিদেশে থাকা বাংলাদেশের বিভিন্ন মিশন থেকে ভিসা ও নো ভিসা সংক্রান্ত সেবা দিতে সাময়িক বিঘ্ন ঘটছে।
স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।
ব্যাংকক দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা সার্ভারে সাময়িক কারিগরি ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসার আবেদন জমা দেওয়া কিংবা সংশ্লিষ্ট সেবা গ্রহণের ক্ষেত্রে সমস্যায় পড়তে পারেন।
সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল দ্রুত কাজ করছে জানিয়ে দূতাবাস আবেদনকারীদের সাময়িক অসুবিধার বিষয়টি বিবেচনায় রাখার অনুরোধ করেছে। একই সঙ্গে সিস্টেম পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত যেখানে সম্ভব, জরুরি ভ্রমণ পরিকল্পনা নেওয়ার ক্ষেত্রে ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীলতা এড়িয়ে চলতে বলা হয়েছে।
অন্যদিকে, লিসবন দূতাবাস জানিয়েছে, ঢাকায় অবস্থিত এমআরভি-এর কেন্দ্রীয় সার্ভারে কারিগরি সমস্যা দেখা দেওয়ায় ভিসা ও নো ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
সার্ভারটি দ্রুত সচল করতে সংশ্লিষ্ট কারিগরি টিম কাজ করছে। কেন্দ্রীয় সার্ভার পুনরায় চালু হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়ার পর পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে সেবা চালুর বিষয়ে জানানো হবে বলে দূতাবাসটি জানিয়েছে।
সাময়িক এই সমস্যার কারণে আবেদনকারীদের কাছে দুঃখ প্রকাশ করেছে ব্যাংকক ও লিসবন—দুই মিশনই। একই সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ও সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে।