কলকাতার নিউমার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটের একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে শিশুসহ অন্তত ৯ বাংলাদেশি নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার বিকেলে এক শোকবার্তায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোকবার্তায় তিনি বলেন, চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনীয় কাজে ভারতে গিয়ে এমন মর্মান্তিক দুর্ঘটনায় বাংলাদেশিদের প্রাণহানি অত্যন্ত বেদনাদায়ক। তিনি নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোকে এ অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি দেওয়ার জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এ ঘটনায় আহত ও দগ্ধ ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন মিয়া গোলাম পরওয়ার। একই সঙ্গে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।
এ ছাড়া গত ১৭ আগস্ট যুক্তরাজ্যের পূর্ব লন্ডনে দুর্বৃত্তদের গুলিতে মাছুম মিয়া (৪০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হওয়ার ঘটনাতেও শোক প্রকাশ করেন জামায়াতের এই নেতা।
নিহত বাংলাদেশিদের মরদেহ দ্রুত ও মর্যাদাপূর্ণভাবে দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে ভারতে থাকা বাংলাদেশ মিশন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন তিনি।