মার্কিন নিষেধাজ্ঞা ও নানা অর্থনৈতিক চাপের মধ্যেও আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল বিক্রি করে চলতি বছরের প্রথম চার মাসে প্রায় ৭৫০ কোটি মার্কিন ডলার আয় করেছে ইরান।
আধা-সরকারি ফার্স বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, তেল রপ্তানি থেকে পাওয়া এই বিপুল বৈদেশিক মুদ্রা ইতোমধ্যে ইরানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা দেওয়া হয়েছে।
ইরানের তেল মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত বছরের একই সময়ের তুলনায় এবার তেল রপ্তানি থেকে আয় বেড়েছে প্রায় দেড় গুণ। বৈদেশিক মুদ্রা আয়ের এই বৃদ্ধি দেশটির অর্থনীতিতে কিছুটা স্বস্তি এনেছে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
মন্ত্রণালয় আশা করছে, বছরের প্রথম চার মাসে পাওয়া এই বাড়তি বৈদেশিক মুদ্রা আগামী ডিসেম্বর পর্যন্ত সরকারের প্রয়োজনীয় বৈদেশিক ব্যয় মেটাতে সহায়তা করবে। পাশাপাশি দেশের অভ্যন্তরীণ বাজারে ডলারের সরবরাহ স্থিতিশীল রাখা এবং আমদানি ব্যয় নির্বাহেও এই অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন ধরে চাপের মধ্যে থাকা ইরানের জন্য তেল রপ্তানি থেকে বাড়তি আয় এখন অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভরসা হয়ে উঠেছে।