জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসা ও পুনর্বাসন নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
বুধবার মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ‘জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন সংক্রান্ত কেন্দ্রীয় কমিটি’র সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, আহত জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের পুনর্বাসনের পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করাই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। দল-মতের বিবেচনা না করে যাদের প্রয়োজন সবচেয়ে বেশি, তাদের কাছে সরকারি সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, জুলাইয়ে আহত যোদ্ধারা যাতে ভবিষ্যতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন এবং সম্মানজনক ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সে বিষয়েও সরকার গুরুত্ব দিচ্ছে। তাদের জীবনযাত্রার মান সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে।
সভায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, মন্ত্রণালয়ের সচিব মো. আশরাফুল ইসলাম এবং সংরক্ষিত নারী আসন-৩৪৫-এর সংসদ সদস্য ও জুলাই শহীদ জাবিরের মা রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
এ ছাড়া জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধানমন্ত্রীর কার্যালয়, অর্থ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, জননিরাপত্তা বিভাগ, স্থানীয় সরকার বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
সভায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের একজন প্রতিনিধি এবং জুলাই যোদ্ধাদের একজন প্রতিনিধিও উপস্থিত ছিলেন। আহতদের চিকিৎসা, শহীদ পরিবারের কল্যাণ এবং জুলাই যোদ্ধাদের পুনর্বাসনে চলমান কার্যক্রম আরও কার্যকর করার বিষয়ে সভায় আলোচনা হয়।