বর্ষার জলভরা বিস্তীর্ণ বিলজুড়ে ফুটে আছে সাদা, গোলাপি ও নানা রঙের পদ্ম-শাপলা। প্রকৃতির এমন নয়নাভিরাম রূপ দেখতে প্রতিদিনই ভিড় করছেন দর্শনার্থীরা। নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার ডালাহাতা বিল এখন যেন প্রকৃতিপ্রেমীদের কাছে এক অন্যরকম আকর্ষণের জায়গা হয়ে উঠেছে।
মোহনগঞ্জ উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মিয়াশি গ্রামে অবস্থিত ডালাহাতা বিলটি বর্ষা এলেই নতুন রূপে সেজে ওঠে। যত দূর চোখ যায়, জলরাশির বুকজুড়ে দেখা মেলে পদ্ম ও শাপলার সমারোহ। রোদের আলোয় ফুলের রঙিন আভা পুরো বিলকে আরও আকর্ষণীয় করে তোলে।
বিশেষ করে ছুটির দিনগুলোতে আশপাশের বিভিন্ন গ্রাম ও শহর থেকে বন্ধু-বান্ধব ও পরিবার নিয়ে মানুষ এখানে ঘুরতে আসেন। কেউ প্রকৃতির সৌন্দর্য উপভোগ করেন, কেউ ছবি ও ভিডিও ধারণ করেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এই বিলের ছবি ছড়িয়ে পড়ার পর দূরের দর্শনার্থীদের আগ্রহও বেড়েছে।
স্থানীয়দের ভাষ্য, বর্ষা মৌসুমে পদ্ম ও শাপলার সৌন্দর্যে ডালাহাতা বিল এক অপরূপ রূপ ধারণ করে। জলভরা মাঠের ওপর ছড়িয়ে থাকা ফুলগুলোকে দূর থেকে দেখলে মনে হয়, প্রকৃতি যেন রঙিন কারুকাজে সাজিয়েছে পুরো বিল।
দর্শনার্থীদের বাড়তি উপস্থিতিতে স্থানীয়দের মধ্যেও তৈরি হয়েছে আয়ের সুযোগ। কেউ নৌকায় করে ঘুরিয়ে দেখাচ্ছেন বিলের সৌন্দর্য, আবার কেউ বিভিন্নভাবে পর্যটকদের সেবা দিয়ে বাড়তি উপার্জন করছেন।
তবে ফুলের সৌন্দর্য দেখতে আসা কিছু দর্শনার্থীর পদ্ম ও শাপলা তুলে নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তাদের দাবি, প্রকৃতির এই সৌন্দর্য টিকিয়ে রাখতে হলে দর্শনার্থীদের আরও সচেতন হতে হবে এবং ফুল না ছিঁড়ে সৌন্দর্য উপভোগ করতে হবে।
স্থানীয়দের আশা, পরিকল্পিতভাবে ডালাহাতা বিল সংরক্ষণ করে এটিকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হলে বর্ষাকালে আরও বেশি মানুষ এখানে আসবেন। এতে একদিকে যেমন প্রকৃতির এই অনন্য সৌন্দর্য সংরক্ষিত হবে, অন্যদিকে স্থানীয় মানুষের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগও তৈরি হতে পারে।