সুবিধাবঞ্চিত শিশুদের বিনোদনের পাশাপাশি তাদের মানসিক বিকাশ ও শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে দিনাজপুরে আয়োজন করা হয়েছে ‘ফেস্টিভ্যাল অফ স্মাইলস-২০২৬’।
শুক্রবার (২১ আগস্ট) দিনাজপুর শিশু পার্কে স্বেচ্ছাসেবী সংগঠন ‘সমৃদ্ধি ইউথ অর্গানাইজেশন’ দিনব্যাপী এ আয়োজন করে।
উৎসবকে ঘিরে সুবিধাবঞ্চিত শিশুদের অংশগ্রহণে শিশু পার্কে তৈরি হয় আনন্দঘন পরিবেশ। খেলাধুলা ও বিভিন্ন প্রতিযোগিতার পাশাপাশি ছিল আলোচনা, বৃক্ষরোপণ, পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।
আয়োজকদের মতে, সমাজের পিছিয়ে থাকা শিশুদের প্রতিদিনের নানা সীমাবদ্ধতার বাইরে এনে কিছুটা আনন্দের সময় উপহার দেওয়াই ছিল এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য। একই সঙ্গে শিশুদের আত্মবিশ্বাস ও সৃজনশীলতা বিকাশেও এমন আয়োজন ভূমিকা রাখবে বলে মনে করেন তারা।
সংগঠনের স্বেচ্ছাসেবকেরা জানান, তরুণদের সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুধু একটি দিনের আয়োজনের মধ্যে কার্যক্রম সীমাবদ্ধ না রেখে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষার সুযোগ তৈরি এবং তাদের ভবিষ্যৎ আরও সুন্দর করতে ধারাবাহিকভাবে কাজ করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিনাজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।
সমৃদ্ধি ইউথ অর্গানাইজেশনের সভাপতি মো. ওমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী মো. সাজিউল ইসলাম সাজু, উপদেষ্টা একরামুল হক আবির, সারদেশ্বরী বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শাহনাজ পারভীনসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।