দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, জনদুর্ভোগ, জাতীয় বিভিন্ন সমস্যা এবং জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়নসহ নানা বিষয়ে জাতীয় পত্রিকার সম্পাদকদের সঙ্গে মতবিনিময় করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
রোববার (২৪ আগস্ট) দুপুরে রাজধানীর ২৯ মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সংসদে বিরোধীদলের ভূমিকা, দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং সাম্প্রতিক ভূরাজনৈতিক ও আন্তর্জাতিক পরিস্থিতিও উঠে আসে।
সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। তিনি জানান, বর্তমান পরিস্থিতিতে সংসদ ও সংসদের বাইরে জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোট যে ভূমিকা পালন করছে, তা সম্পাদকদের সামনে তুলে ধরেছেন জামায়াত আমির।
গোলাম পরওয়ার বলেন, জাতীয় সমস্যা ও সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি জুলাই সনদের ভিত্তিতে অনুষ্ঠিত গণভোটের গণরায় বাস্তবায়ন নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে, সেটিও আলোচনায় গুরুত্ব পেয়েছে। তিনি দাবি করেন, প্রধান বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী সংসদে এবং রাজপথে গঠনমূলক ভূমিকা রাখার চেষ্টা করছে।
ব্রিফিংয়ে গোলাম পরওয়ার বলেন, অতীতে বিরোধী দলের যে প্রচলিত রাজনৈতিক চর্চা ছিল, তা থেকে বেরিয়ে এসে দেশের স্থিতিশীলতা বজায় রাখার নীতিতে এগোচ্ছে জামায়াতে ইসলামী। সরকারের ভালো উদ্যোগে সহযোগিতা এবং জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডের বিরোধিতা করার নীতিগত অবস্থান সম্পাদকদের সামনে তুলে ধরা হয়েছে।
তার দাবি, সম্পাদকরাও জামায়াতের এ অবস্থানকে ইতিবাচক হিসেবে দেখেছেন। একই সঙ্গে রাজপথে রাজনৈতিক কর্মসূচি থাকলেও দেশের সার্বিক স্থিতিশীলতা যাতে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সম্পাদকরা পরামর্শ দিয়েছেন।
আলোচনায় আন্তর্জাতিক ও ভূরাজনৈতিক পরিস্থিতিও স্থান পায়। বিশেষ করে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সরকারের ছয় মাসের মেয়াদ অতিক্রমের পর জাতীয় সম্পাদকদের সঙ্গে এটি প্রথম মতবিনিময় বলে জানান গোলাম পরওয়ার। তিনি অভিযোগ করেন, সংসদে বিরোধীদলীয় এমপিদের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে।
তার ভাষ্য অনুযায়ী, উন্নয়নকাজের বরাদ্দ, সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ, আইন প্রণয়ন এবং বিভিন্ন নোটিশ গ্রহণের ক্ষেত্রেও বিরোধীদলের সদস্যরা সমান সুযোগ পাচ্ছেন না।
তিনি আরও বলেন, বিদ্যুৎ, তেল ও গ্যাস সংকট মোকাবিলা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, গণভোটের গণরায় বাস্তবায়ন এবং প্রবাসীদের অধিকার রক্ষার মতো বিষয়ে জামায়াতে ইসলামী সংসদে ভূমিকা রাখছে। এরপরও স্পিকারের কাছ থেকে বিরোধীদল প্রত্যাশিত ন্যায্য আচরণ পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি।
মতবিনিময় সভায় গণমাধ্যমকে দায়িত্বশীলতার সঙ্গে দেশের বাস্তব পরিস্থিতি তুলে ধরার আহ্বান জানান জামায়াত আমির ডা. শফিকুর রহমান। তার মতে, গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের পথে গণমাধ্যম ও রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ।
সভায় উপস্থিত সম্পাদকদের পক্ষ থেকেও সংসদে জামায়াতে ইসলামীর ভূমিকা নিয়ে মতামত দেওয়া হয়। অতীতের বিরোধী দলগুলোর তুলনায় জামায়াতের বর্তমান সংসদীয় ভূমিকা কিছুটা ভিন্ন এবং গঠনমূলক বলে কয়েকজন সম্পাদক মত দেন বলে জানান গোলাম পরওয়ার।
তিনি বলেন, সংসদকে কার্যকর ও প্রাণবন্ত রাখতে বিরোধীদল ইতিবাচক ভূমিকা রাখতে চায়। তবে এ জন্য সরকারকেও বিরোধীদলের প্রতি দায়িত্বশীল ও ন্যায্য আচরণ করতে হবে।
মতবিনিময় সভায় দেশের বিভিন্ন জাতীয় দৈনিক, অনলাইন সংবাদমাধ্যম ও সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পাশাপাশি জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের এমপিসহ দলটির কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের বেশ কয়েকজন নেতা সভায় অংশ নেন।