অস্ট্রেলিয়ায় কর্মরত ও বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং যোগাযোগ আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে যাত্রা শুরু করেছে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া (বিএমএফএ)। সংগঠনটির নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন সময় টিভি ও এখন টেলিভিশনের সাবেক স্পোর্টস ইনচার্জ হুমায়ুন কবির রোজ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউজ২৪ ও জিটিভির সাবেক সিনিয়র রিপোর্টার ইমরান হোসেন।
অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়কে কেন্দ্র করে আয়োজিত এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন সংগঠনটির আনুষ্ঠানিক কার্যক্রমের সূচনা হয়।
লাকেম্বা সেন্ট্রালে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় যাওয়া সাংবাদিকদের সম্মাননা জানানো হয়।
ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে অস্ট্রেলিয়ার মাটিতে নিজেদের প্রথম টেস্ট জয় তুলে নেয় বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসের এই স্মরণীয় জয়ের সাক্ষী হতে এবং সিরিজ কাভার করতে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ায় আসা সাংবাদিকদের সম্মান জানাতেই বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়ার উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেন লর্ড মেয়র মার্টিন জাইতার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইনজীবী উপল আমিন, ক্যান্টারবুরি ও ব্যাংকস্টাউনের সাবেক কাউন্সিলর মোহাম্মদ জামান টিটু, প্রপার্টি ওয়ান-এর প্রধান মোহাম্মদ আলী সিকদার।
এ ছাড়া অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে কর্মরত সাংবাদিকদের বিভিন্ন সংগঠনের তিন সভাপতি আবদুল মতিন, মোহাম্মদ রহমতুল্লাহ ও রাশেদ শ্রাবণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নতুন সংগঠনটির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় কর্মরত ও বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের জন্য একটি কার্যকর পেশাগত প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখবে।
সংগঠনটির মাধ্যমে সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, পেশাগত সহযোগিতা জোরদার এবং ঐক্যের ভিত্তিতে একসঙ্গে কাজ করার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রবাসে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের পেশাগত বন্ধন আরও শক্তিশালী করার লক্ষ্য নিয়েই ভবিষ্যতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করবে বাংলাদেশ মিডিয়া ফোরাম অস্ট্রেলিয়া—এমন প্রত্যাশা সংগঠনটির নেতৃবৃন্দের।