বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন—বিএসইসির নির্বাহী পরিচালকদের দায়িত্বে পরিবর্তন আনা হয়েছে। সংস্থাটির বিভিন্ন বিভাগের দায়িত্ব নতুন করে বণ্টন করে বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রশাসন ও অর্থ ডিভিশন থেকে অফিস আদেশ জারি করা হয়।
এর আগে গত ১৮ আগস্ট তিনজন পরিচালককে নির্বাহী পরিচালক হিসেবে পদোন্নতি দেয় বিএসইসি। পদোন্নতি পাওয়া কর্মকর্তারা হলেন—মোহাম্মদ মাহমুদুল হক, রাজীব আহমেদ এবং মো. মনসুর রহমান।
বিএসইসিতে নির্বাহী পরিচালকের অনুমোদিত পদ রয়েছে ১২টি। বর্তমানে ১১টি পদে কর্মকর্তা দায়িত্ব পালন করছেন। একটি পদ এখনো খালি রয়েছে। ওই পদে শিগগিরই পদোন্নতির মাধ্যমে কর্মকর্তা নিয়োগের সম্ভাবনা রয়েছে।
নতুন দায়িত্ব বণ্টন অনুযায়ী, নির্বাহী পরিচালক মোহাম্মদ শফিউল আজমকে ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগ এবং গভর্ন্যান্স পারফরম্যান্স মনিটরিং সিস্টেমের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স এবং ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্বে ছিলেন।
আনোয়ারুল ইসলাম এখন মার্কেট অ্যান্ড ইন্টারমিডিয়ারিজ অ্যাফেয়ার্স এবং মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন বিভাগের দায়িত্ব পালন করবেন। তাঁর আগের দায়িত্বের মধ্যে ছিল ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স ও ডেরিভেটিভস বিভাগ।
মীর মোশাররফ হোসেন চৌধুরীকে ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। এর আগে তিনি মার্কেট ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন এবং ফাইন্যান্সিয়াল লিটারেসি বিভাগের দায়িত্বে ছিলেন।
অন্যদিকে আবুল কালামকে ডেরিভেটিভস বিভাগের দায়িত্ব দেওয়ার পাশাপাশি কমিশনের মুখপাত্র হিসেবেও রাখা হয়েছে।
পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের মধ্যে মোহাম্মদ মাহমুদুল হক পেয়েছেন ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট বিভাগের দায়িত্ব। রাজীব আহমেদকে দেওয়া হয়েছে আইসিটি বিভাগের দায়িত্ব। আর মো. মনসুর রহমান দায়িত্ব পেয়েছেন অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগের।
এদিকে চার নির্বাহী পরিচালকের দায়িত্বে কোনো পরিবর্তন করা হয়নি। আইন বিভাগের দায়িত্বে মাহবুবুর রহমান চৌধুরী, চিফ অ্যাকাউন্ট্যান্ট এবং ইন্টারনাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কামরুল আনাম খান, এনফোর্সমেন্ট বিভাগে রিপন কুমার দেবনাথ এবং গবেষণা ও উন্নয়ন ও করপোরেট ফাইন্যান্স বিভাগে মোহাম্মদ জাহাঙ্গীর আলম আগের দায়িত্বেই থাকছেন।
অফিস আদেশে বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন দায়িত্বে বহাল থাকবেন। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জারি করা এ আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে।