বাংলাদেশ সফর শেষে ঢাকা ছেড়েছেন ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব অ্যান্ডা ফিলিপ। বুধবার (২ সেপ্টেম্বর) তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হন।
গত ৩০ আগস্ট বাংলাদেশে আসেন আইপিইউ মহাসচিব। চার দিনের সফরে তিনি দেশের রাজনৈতিক ও সংসদীয় অঙ্গনের বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক ও মতবিনিময় করেন।
সফরকালে অ্যান্ডা ফিলিপ প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে সাক্ষাৎ করেন। পাশাপাশি নারী সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে নিপীড়িত সংসদ সদস্যদের সঙ্গেও মতবিনিময় করেন তিনি।
বাংলাদেশের গণতান্ত্রিক পুনর্গঠন এবং সংসদীয় সুসম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেন আইপিইউ মহাসচিব। সফরের অংশ হিসেবে তিনি জাতীয় সংসদ ভবন পরিদর্শন করেন। এ ছাড়া জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরও ঘুরে দেখেন।
বুধবার বিমানবন্দরে আইপিইউ মহাসচিবকে বিদায় জানান জাতীয় সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।