ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-২-এর খিলগাঁও তিলপাপাড়া আঞ্চলিক কার্যালয়ে আকস্মিক পরিদর্শন করেছেন ডিএসসিসি প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পরিদর্শনে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।
বুধবার (২ সেপ্টেম্বর) খিলগাঁওয়ের আঞ্চলিক কার্যালয়ে আকস্মিকভাবে উপস্থিত হন ডিএসসিসি প্রশাসক। পরিদর্শন শুরু হওয়ার পর বিলম্বে আসা কোনো কর্মকর্তা-কর্মচারী যেন কার্যালয়ে প্রবেশ করতে না পারেন, সে জন্য শুরুতেই কার্যালয়ের মূল ফটক বন্ধ করে দেওয়া হয়।
পরে প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কক্ষ ঘুরে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি সরেজমিনে যাচাই করেন। এ সময় তিনি প্রতিটি শাখার হাজিরা খাতা পরীক্ষা করেন এবং যারা কর্মস্থলে উপস্থিত ছিলেন না, তাদের হাজিরা খাতায় তাৎক্ষণিকভাবে ‘অনুপস্থিত’ হিসেবে চিহ্নিত করার নির্দেশ দেন।
অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য অঞ্চল-২-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবু আসলামকে নির্দেশ দেন প্রশাসক।
পরিদর্শনকালে নাগরিক সেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। পাশাপাশি এলাকার বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়মিত সরেজমিনে তদারকি এবং এসব কার্যক্রমে কর্মকর্তা-কর্মচারীদের সক্রিয়ভাবে সম্পৃক্ত হওয়ার নির্দেশ দেন।
প্রশাসক বলেন, নাগরিকদের কাঙ্ক্ষিত সেবা নিশ্চিত করতে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা ও কর্মস্থলে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা জরুরি। পাশাপাশি মাঠপর্যায়ের সেবা কার্যক্রমে কোনো ধরনের গাফিলতি যাতে না থাকে, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করেন তিনি।