দৈনন্দিন প্রয়োজনের বাজারসদাই আরও সহজে ও তুলনামূলক কম খরচে করার সুযোগ দিতে যৌথভাবে বিশেষ অফার নিয়ে এসেছে ফুডপ্যান্ডা ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) প্রতিষ্ঠান ফ্রেশ সুপার মার্ট। পুরো সেপ্টেম্বরজুড়ে ফ্রেশ সুপার মার্টের ২৪৫টির বেশি নিত্যপ্রয়োজনীয় পণ্যে সর্বোচ্চ ৩৪ শতাংশ পর্যন্ত সাশ্রয়ের সুযোগ থাকছে।
সম্প্রতি এ বিষয়ে ফুডপ্যান্ডা ও ফ্রেশ সুপার মার্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। এই অংশীদারত্বের ফলে ফুডপ্যান্ডার কুইক কমার্স (কিউ-কমার্স) সেবার মাধ্যমে ফ্রেশ সুপার মার্টের বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করতে পারবেন গ্রাহকেরা।
অন্যদিকে, ফুডপ্যান্ডা অ্যাপ ব্যবহার করে ফ্রেশ সুপার মার্টের শাখাগুলোর ক্যাফে থেকে পিকআপ অর্ডার করলেও থাকছে বিশেষ সুবিধা। এ ক্ষেত্রে পেস্ট্রি ও পানীয়তে পাওয়া যাবে ২৫ শতাংশ ছাড়।
বর্তমানে ঢাকার ১০টি ফ্রেশ সুপার মার্ট শাখা থেকে ফুডপ্যান্ডা অ্যাপের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য অর্ডার করা যাবে। শাখাগুলো হলো—মতিঝিল, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, মিরপুর ১০, মিরপুর ১১, পল্লবী, উত্তরা সেন্টার, উত্তরা নর্থ সি গেট, উত্তরা নর্থ ডি গেট ও গুলশান-১।
ফুডপ্যান্ডা বাংলাদেশের কিউ-কমার্স বিভাগের পরিচালক মোহাম্মদ তাবরেজ খান বলেন, গ্রাহকদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে সহজ, সাশ্রয়ী ও নির্ভরযোগ্য একটি মাধ্যম হিসেবে ফুডপ্যান্ডাকে গড়ে তোলাই তাদের লক্ষ্য। বাংলাদেশে কিউ-কমার্সের পরিসর বাড়ানোর পাশাপাশি মানসম্মত পণ্য, বৈচিত্র্যময় পণ্যসম্ভার ও দ্রুত ডেলিভারি নিশ্চিত করতে প্রতিষ্ঠানটি কাজ করছে।
তিনি বলেন, ফ্রেশ সুপার মার্টের সঙ্গে অংশীদারত্বের ফলে তাদের পণ্যসম্ভার এবং ফুডপ্যান্ডার প্রযুক্তি ও ডেলিভারি নেটওয়ার্ককে একসঙ্গে কাজে লাগানো সম্ভব হচ্ছে। এর মাধ্যমে ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার গ্রাহকেরা ঘরে বসেই আরও সহজে প্রয়োজনীয় পণ্য কেনার সুযোগ পাবেন।
এমজিআইয়ের ডিরেক্টর তানভীর মোস্তফা বলেন, শহুরে মানুষের দৈনন্দিন কেনাকাটাকে সহজ ও সুবিধাজনক করতেই ফ্রেশ সুপার মার্টের যাত্রা। ফুডপ্যান্ডার সঙ্গে নতুন এই অংশীদারত্ব সেই সুবিধাকে আরও বিস্তৃত করেছে।
তার মতে, এখন একটি বিশ্বস্ত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ঘরে বসেই ফ্রেশ সুপার মার্টের পণ্য অর্ডার করা সম্ভব হবে। ঢাকার গ্রাহকদের জন্য পণ্যের বৈচিত্র্য বাড়ানো, আকর্ষণীয় সাশ্রয়ের সুযোগ তৈরি এবং প্রয়োজনীয় পণ্য কেনার প্রক্রিয়াকে আরও সহজ করতে পেরে তারা আনন্দিত।