কোপা দো ব্রাজিলের কোয়ার্টার ফাইনাল থেকে সান্তোসের বিদায়টা অনেকটাই অনুমেয় ছিল। প্রথম লেগে পালমেইরাসের কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়াতে প্রয়োজন ছিল বড় ব্যবধানের জয়। কিন্তু নিজেদের মাঠ ভিলা বেলমিরোতে গোলশূন্য ড্র করেই প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে নেইমার জুনিয়রের দল।
বিদায়ের সঙ্গে সান্তোস পেয়েছে আরও একটি দুঃসংবাদ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে ডান হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে নেইমারকে। বিরতির আগে ব্যথা নিয়েই মাঠে ছিলেন তিনি, তবে দ্বিতীয়ার্ধে আর খেলায় ফেরেননি। ড্রেসিংরুমে যাওয়ার সময় চোখের পানি মুছতেও দেখা যায় ব্রাজিলের এই তারকাকে।
চোটের প্রকৃত অবস্থা জানতে চলতি সপ্তাহের শেষ দিকে নেইমারের কয়েকটি পরীক্ষা করানো হবে। ফলে ইনজুরি কতটা গুরুতর এবং কবে নাগাদ তিনি মাঠে ফিরতে পারবেন, তা এখনই নিশ্চিত নয়।
ম্যাচ শেষে সান্তোস কোচ কুকা নেইমারের চোট প্রসঙ্গে বলেন, ‘আমাদের তাকে ছাড়াই সামলাতে হবে।’
নেইমারের পাশাপাশি পালমেইরাসের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছেন সান্তোসের উইঙ্গার আলভারো বারেয়াল ও ডিফেন্ডার লুকাস ভেরিসিমো। দলের একসঙ্গে তিন খেলোয়াড়ের চোটে কোচও উদ্বেগ প্রকাশ করেছেন।
কুকা বলেন, ‘আমরা নেইমারকে হারিয়েছি, বারেয়ালকে হারিয়েছি, লুকাসকেও হারিয়েছি। এখন দল হিসেবে আমাদের একসঙ্গে থাকতে হবে। আশা করি চোটগুলো গুরুতর নয় এবং তারা যত দ্রুত সম্ভব ফিরতে পারবে।’
চোট পাওয়ার পর সান্তোসের মাঠ ভিলা বেলমিরোর অবস্থা নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন নেইমার। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি মাঠকর্মীদের সমালোচনা করেন।
নেইমারের দাবি, ম্যাচের আগের দিন মাঠের মাটি আলগা করার পর ভিলা বেলমিরোর মাঠ খেলার দিন গর্তে ভরা ও অত্যন্ত অসমান হয়ে যায়। ৩৪ বছর বয়সী এই ফুটবলারের ভাষ্য, তিনি ক্যারিয়ারে এত খারাপ অবস্থায় মাঠ দেখেননি।
প্রতিপক্ষ পালমেইরাসের পাশাপাশি মাঠের বিরুদ্ধেও খেলতে হয়েছে বলে মন্তব্য করেন নেইমার। তার মতে, অসমান মাঠে দৌড়ানোর সময় গতি বাড়ানো কিংবা থামার ক্ষেত্রে খেলোয়াড়দের স্বাভাবিকের চেয়ে বেশি শক্তি প্রয়োগ করতে হয়েছে।
প্রথমার্ধেই সান্তোসের তিন খেলোয়াড় চোট পাওয়ার প্রসঙ্গ তুলে মাঠকর্মীদের উদ্দেশে ব্যঙ্গ করে ‘অভিনন্দন’ও জানান তিনি।
চলতি মৌসুমে সান্তোসের হয়ে ২৪ ম্যাচে আটটি গোল করেছেন নেইমার। ব্রাজিলিয়ান লিগে অবনমন এড়ানোর লড়াইয়ে থাকা দলটি বর্তমানে পয়েন্ট টেবিলের ১৪তম অবস্থানে রয়েছে। অবনমন অঞ্চলের দলগুলোর চেয়ে তারা চার পয়েন্ট এগিয়ে।
এর আগের মৌসুমেও সান্তোসকে অবনমন থেকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন নেইমার। তখনও পুরোপুরি ফিট না থাকলেও দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন তিনি।
এবার কোপা দো ব্রাজিল থেকেও বিদায় নিশ্চিত হওয়ায় সান্তোসের সামনে এখন মূল লক্ষ্য লিগে অবস্থান শক্ত করা। আর সেই লড়াইয়ে নেইমারের চোট দলটির জন্য বড় ধাক্কা হয়ে আসতে পারে।