দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ২১৬ টাকা কমিয়ে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার এক বিজ্ঞপ্তিতে নতুন দাম ঘোষণা করেছে বাজুস। সকাল ১০টা থেকেই নির্ধারিত নতুন দর কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম কমে যাওয়ায় স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৩৫ হাজার ১৪৬ টাকা। ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরিতে ২ হাজার ১০০ টাকা কমিয়ে করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৫৯০ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ৭৫০ টাকা কমিয়ে ১ লাখ ৯২ হাজার ৮৬৪ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৪৫৮ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৫৭ হাজার ৫২২ টাকা।
তবে স্বর্ণের দাম কমলেও রুপার দরে কোনো পরিবর্তন আনা হয়নি। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ৯৫৭ টাকা, ১৮ ক্যারেট ৪ হাজার ২৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৩ হাজার ২০৭ টাকা অপরিবর্তিত রয়েছে।