বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিলের (বিইপিআরসি) সদস্য ড. মো. রফিকুল ইসলাম।
রোববার (৬ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগের বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। নতুন চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার মধ্য দিয়ে প্রায় ৫০ দিন পর নিয়মিত নেতৃত্ব ফিরে পেল দেশের জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটি।
এর আগে গত ২৬ জুলাই বিপিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অতিরিক্ত সচিব মো. রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়। এরপর থেকে চেয়ারম্যানের পদটি নিয়মিতভাবে পূরণ হয়নি।
নতুন চেয়ারম্যান হিসেবে ড. মো. রফিকুল ইসলামের নিয়োগের মাধ্যমে বিপিসির শীর্ষ নেতৃত্বে দীর্ঘদিনের শূন্যতা অবসান হলো। জ্বালানি খাতের গুরুত্বপূর্ণ এ সংস্থার কার্যক্রমে তাঁর নেতৃত্ব নতুন গতি আনবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।