পটুয়াখালীর বাউফলে ১০০ গ্রাম গাঁজাসহ মো. শহিদুল ইসলাম (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৫ মিনিটের দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দাসপাড়া সাকিনে মাসুদ মেম্বারের বাড়ির মসজিদের পশ্চিম পাশে পাকা সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাউফল থানার উপপরিদর্শক (এসআই) সম্বিত রায় সঙ্গীয় ফোর্স নিয়ে ওই এলাকায় অভিযান চালান। এ সময় শহিদুল ইসলামের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার শহিদুল ইসলাম দাসপাড়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের মৃত ইছহাক দালালের ছেলে। এ ঘটনায় বাউফল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১৯(ক) অনুযায়ী মামলা হয়েছে। বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম সিরাজ বলেন , গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।