রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৫৫টি মামলা দায়ের করা হয়েছে। অভিযানে মাদকদ্রব্য, বিস্ফোরক তৈরির সরঞ্জাম, দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ৫২৭ জনের মধ্যে সবচেয়ে বেশি ১৪৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
বিভাগভিত্তিক হিসাবে—
রমনা বিভাগে ৫২ জন
লালবাগ বিভাগে ৪৩ জন
ওয়ারী বিভাগে ৫৭ জন
মতিঝিল বিভাগে ৬৩ জন
তেজগাঁও বিভাগে ৭৯ জন
মিরপুর বিভাগে ১৪৬ জন
গুলশান বিভাগে ৪১ জন
উত্তরা বিভাগে ৪৫ জন
গোয়েন্দা বিভাগে ১ জন
অভিযানে একটি অবিস্ফোরিত ককটেল, ৫০০ গ্রাম গানপাউডার, ২৫০ গ্রাম পেট্রোল, ৫০০ গ্রাম ঝুট কাপড়, বিস্ফোরিত ককটেলের ৩৫ গ্রাম পেরেক, সাতটি টিনের টুকরা ও ১০ টুকরা স্কচটেপ উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া ১০৪টি পেরেক ও বিস্ফোরিত একটি ককটেলের টিনের অংশবিশেষ জব্দ করা হয়।
অভিযানে বিভিন্ন ধরনের মাদকও উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে রয়েছে ৫৪ কেজি ২৪৫ গ্রাম গাঁজা, ৪ হাজার ১১৫টি ইয়াবা, ২১ গ্রাম হেরোইন ও ৫০ বোতল ফেনসিডিল।
এ সময় একটি প্রাইভেটকার, তিনটি চাকু, একটি চাপাতি, একটি ছোট কাচি ও একটি কাটার জব্দ করা হয়েছে। পাশাপাশি ফয়েল পেপার, গ্যাস লাইট, একটি নাইলনের রশি ও ১৪টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
অভিযানে দুটি ইয়াবা তৈরির মেশিন উদ্ধার করা হয়েছে। এর সঙ্গে ২ হাজার ৬০০ গ্রাম বিভিন্ন ধরনের কেমিক্যাল, ৪৫৪ গ্রাম বেনেলিয়া পাউডার, ১৩ বোতল রং এবং ৩৫০টি খালি বোতল জব্দ করা হয়।
এ ছাড়া ইয়াবা তৈরিতে ব্যবহৃত মিশ্রিত উপাদান ১ হাজার ৫০০ গ্রাম উদ্ধার করা হয়েছে।
ডিএমপি আরও জানিয়েছে, অভিযানের সময় দুইজন ভিকটিমকে উদ্ধার করা হয়েছে।
রাজধানীর বিভিন্ন থানা এলাকায় পরিচালিত এসব অভিযানে মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধারের পাশাপাশি সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।