শরতের শেষ দিকে এসে দেশে বৃষ্টির প্রবণতা কিছুটা কমতে শুরু করেছে। ভোর ও বিকেলের আকাশে নীলের দেখা মিলছে, বইছে হালকা বাতাস—যা জানান দিচ্ছে হেমন্তের আগমনের। তবে দিনের বেলায় তীব্র রোদ ও ভ্যাপসা গরমে এখনো স্বস্তি ফেরেনি।
এর মধ্যেই তাপমাত্রা নিয়ে কিছুটা স্বস্তির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ তৈরি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।
রোববার সন্ধ্যায় প্রকাশিত আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের ওপর মৌসুমি বায়ুর প্রভাব বর্তমানে কম সক্রিয়। উত্তর বঙ্গোপসাগরেও এটি দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।
সোমবার দেশের বিভিন্ন অঞ্চলে বিচ্ছিন্নভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা মোটামুটি অপরিবর্তিত থাকতে পারে। তবে রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে।
রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সোমবার দুপুর ১টা পর্যন্ত আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের সকাল ৭টার পূর্বাভাস অনুযায়ী, ঢাকা অঞ্চলে পশ্চিম অথবা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
সোমবার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।