রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে হামলা, ভাঙচুর ও লুটপাট এবং কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
এসব ঘটনায় জড়িতদের জবাবদিহির আওতায় আনার পাশাপাশি রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে আত্মশুদ্ধিমূলক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে সংস্থাটি।
রোববার (২৭ সেপ্টেম্বর) এক বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান এসব কথা বলেন।
বিবৃতিতে টিআইবি দাবি করেছে, মিরপুরের রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় রাজনৈতিক পৃষ্ঠপোষকতার অভিযোগ রয়েছে। পুলিশের উপস্থিতিতে এমন ঘটনা ঘটার অভিযোগকে সরকার ও ক্ষমতাসীন দলের জন্য বিব্রতকর বলেও উল্লেখ করেছে সংস্থাটি।
ইফতেখারুজ্জামান বলেন, প্রায় ৫০ বছর ধরে দরিদ্র ও অসহায় নারী ও শিশুদের স্বাস্থ্যসেবা দিয়ে আসা একটি প্রতিষ্ঠানে হামলা ও জবরদখলের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাঁর মতে, এ ধরনের ঘটনা রাজনৈতিক দল ও সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে টিআইবি আরও বলেছে, ২০২৪ সালের আগস্টের পর বিএনপির নেতাকর্মীদের একাংশের বিরুদ্ধে দখলবাজি, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারের বিভিন্ন অভিযোগ সামনে এসেছে।
বাস টার্মিনাল, ফুটপাত, বাজার, জলমহাল, বালুমহাল, হাটবাজার, ক্যাবল ও ইন্টারনেট ব্যবসাসহ বিভিন্ন খাতকে কেন্দ্র করে দখল ও চাঁদাবাজির অভিযোগে দলীয় নেতাকর্মীদের নিজেদের মধ্যেও বিরোধ ও সংঘর্ষের ঘটনা ঘটছে বলে দাবি করেছে সংস্থাটি।
কিশোরগঞ্জে জলমহাল দখলকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষ এবং এক কনটেন্ট ক্রিয়েটরের কার্যালয়ে ভাঙচুরের ঘটনাও বিবৃতিতে উল্লেখ করেছে টিআইবি। সংস্থাটির ভাষ্য, রাজনৈতিক পটপরিবর্তনের পর ঘটে যাওয়া ধারাবাহিক ঘটনাগুলোর অংশ হিসেবে এসব বিষয় সামনে এসেছে।
তবে প্রতিটি অভিযোগের ক্ষেত্রে স্বাধীন তদন্তের মাধ্যমে প্রকৃত দায়ীদের শনাক্ত করা প্রয়োজন বলেও জানিয়েছে টিআইবি।
ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দখলবাজি বা চাঁদাবাজির অভিযোগ উঠলে শুধু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া যথেষ্ট নয়; একই সঙ্গে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, যথাযথ ব্যবস্থা না নেওয়া হলে স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও বিচারহীনতার সংস্কৃতি ফিরে আসার আশঙ্কা তৈরি হতে পারে। প্রতিটি ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের জবাবদিহি ও শাস্তির আওতায় আনার আহ্বান জানান তিনি।