নেপালে টানা ভারী বৃষ্টিপাত, বন্যা ও ভূমিধসে বিভিন্ন এলাকায় ভ্রমণ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় বাংলাদেশি পর্যটক ও ট্রেকারদের সতর্ক করেছে বাংলাদেশ দূতাবাস।
স্থানীয় সময় রোববার রাতে কাঠমান্ডুতে দেওয়া এক সতর্কবার্তায় দূতাবাস বাংলাদেশি নাগরিকদের ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে। আবহাওয়া ও সামগ্রিক পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত পরিস্থিতি বিবেচনায় এসব এলাকায় ভ্রমণ থেকে বিরত থাকারও পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস বিশেষ করে পিসাং, চামে, মানাং ও আশপাশের পর্যটন এলাকাগুলোতে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
অব্যাহত বৃষ্টির কারণে বিভিন্ন স্থানে ভূমিধসের ঘটনা ঘটছে। পাশাপাশি তুষারপাতের ফলে অনেক এলাকায় সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে। দুর্গম ভূপ্রকৃতি ও যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হওয়ায় এসব এলাকায় উদ্ধার তৎপরতাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে দূতাবাস।
ইতোমধ্যে মানাংয়ের কয়েকটি এলাকায় ট্রেকিং কার্যক্রম স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। এর মধ্যে তিলিচো লেক, থরং লা পাস, আইস লেক, কাং লা ও ভীমথাং রয়েছে।
ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ ও আশপাশের ট্রেকিং গন্তব্যে যাতায়াত ব্যাহত হওয়ায় পোখারা ও এর আশপাশের এলাকায় ভ্রমণের ক্ষেত্রেও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মুস্তাং, জমসমসহ অন্যান্য পার্বত্য এলাকায় যাওয়ার আগে গান্দাকি প্রদেশের সড়ক যোগাযোগ পরিস্থিতি সম্পর্কে পর্যাপ্ত তথ্য জেনে নেওয়ার আহ্বান জানিয়েছে দূতাবাস। কারণ, চলমান আবহাওয়ার কারণে এসব সড়কের যোগাযোগব্যবস্থা যেকোনো সময় ব্যাহত হতে পারে।
অন্নপূর্ণা, মানাং, মুস্তাং ও মানাসলুসহ বিভিন্ন পাহাড়ি ও ভূমিধসপ্রবণ এলাকায় ট্রেকিং, পর্বতারোহণ বা ভ্রমণের পরিকল্পনা থাকলে আগে সর্বশেষ পরিস্থিতি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে নেপাল সরকার ও স্থানীয় কর্তৃপক্ষের জারি করা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।
ইতোমধ্যে দুর্ঘটনাপ্রবণ এলাকায় অবস্থান করা বাংলাদেশি নাগরিকদের নিরাপদ স্থানে থাকার পরামর্শ দিয়েছে দূতাবাস। একই সঙ্গে নদীর তীর ও ভূমিধসের আশঙ্কা রয়েছে—এমন এলাকা এড়িয়ে চলতে বলা হয়েছে।
ভ্রমণের আগে সড়ক ও আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতি যাচাই করা এবং ট্রাভেল অপারেটর ও বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখার পরামর্শও দেওয়া হয়েছে।
দূতাবাস জানিয়েছে, তারা নেপালের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। প্রয়োজন অনুযায়ী পরবর্তী হালনাগাদ তথ্য প্রকাশ করা হবে।