ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে কোথাও কোথাও অস্থায়ীভাবে দমকা হাওয়া বয়ে যেতে পারে। দেশের কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির পাশাপাশি মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।
রোববার (৬ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে ঢাকার আবহাওয়া সম্পর্কে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৮৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস। আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল ট্রেস। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।