দেশের চলমান বিভিন্ন সংকটকে কেন্দ্র করে বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার বিকেলে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, স্বৈরাচারী শাসনামল কিংবা অন্তর্বর্তী সরকারের সময় থেকে পাওয়া বিভিন্ন সমস্যা সমাধানে সরকার কাজ করে যাচ্ছে। সব ক্ষেত্রে সমস্যা নেই—এমন দাবি সরকার কখনো করেনি। তবে বিদ্যমান সমস্যাগুলোকে কাজে লাগিয়ে কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন।
সরকারের অবস্থান স্পষ্ট করে তিনি বলেন, দেশের জনগণ সরকারকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই গণতন্ত্রের ধারাবাহিকতা বজায় রাখা এবং গণতান্ত্রিক নীতি-নৈতিকতা সমুন্নত রাখার সর্বোচ্চ চেষ্টা করা হবে।
অরাজকতা সৃষ্টির বিষয়ে সতর্ক করে প্রধানমন্ত্রী বলেন, কেউ যদি দেশে অরাজক পরিস্থিতি তৈরির চেষ্টা করে, তা কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে সে বিষয়ে দেশের আইন রয়েছে। নির্বাচিত সরকার হিসেবে প্রত্যেকের নিজ নিজ সীমার মধ্যে থাকা উচিত।
দেশের বিভিন্ন সংকটের সময় বিএনপির ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, দলটি সবসময় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে সংকট মোকাবিলায় কাজ করেছে এবং ধীরে ধীরে দেশকে সংকট থেকে বের করে আনার চেষ্টা করেছে।
বর্তমানে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে থাকায় জনগণের দুর্ভোগের কথাও স্বীকার করেন তারেক রহমান। বিদ্যুৎ ও জ্বালানি সংকটে থাকা শিল্পকারখানার মালিকসহ সাধারণ মানুষের কাছে দলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেন তিনি।
‘করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভাটি বিকাল পৌনে ৪টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।