পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতে কাজ করছে গ্রিন কনসার্নস ফাউন্ডেশন। বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে এবার সংগঠনটির প্রকাশনা ‘গ্রিনবার্তা’র বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়েছে।
সম্প্রতি রাজধানীর কাকরাইলের পাইওনিয়ার রোডে গ্রিন কনসার্নস ফাউন্ডেশনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিশেষ সংখ্যাটির মোড়ক উন্মোচন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন অঞ্চল ক্রমেই নানা ধরনের ঝুঁকির মুখে পড়ছে। এই পরিস্থিতি মোকাবিলায় ব্যক্তি, প্রতিষ্ঠান ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। পরিবেশ রক্ষার কাজ কঠিন হলেও সেই চ্যালেঞ্জ মোকাবিলায় ধারাবাহিকভাবে কাজ করে যাওয়াই ফাউন্ডেশনের লক্ষ্য।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গ্রিন কনসার্নস ফাউন্ডেশনের সভাপতি ও আইনজীবী মো. মজিবুর রহমান বলেন, পরিবেশ রক্ষার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় তরুণদের আরও বেশি সচেতন ও সম্পৃক্ত করা জরুরি।
তিনি বলেন, ‘গ্রিনবার্তা’ কেবল একটি ম্যাগাজিন নয়; এটি সবুজ, নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ার প্রত্যয়ের প্রকাশ। পরিবেশবান্ধব জীবনযাপন ও টেকসই উন্নয়নের বিষয়গুলো সহজ ভাষায় মানুষের কাছে পৌঁছে দিতে প্রকাশনাটি ভূমিকা রাখবে।
ফাউন্ডেশনের সেক্রেটারি ও ‘গ্রিনবার্তা’র সম্পাদক রণজিৎ সরকার বলেন, দীর্ঘদিনের শ্রম, গবেষণা এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতার মধ্য দিয়ে প্রকাশনাটির যাত্রা। পরিবেশ সম্পর্কে মানুষের সচেতনতা বাড়ানো, বৃক্ষরোপণে উৎসাহ দেওয়া, জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা এবং পরিবেশবান্ধব প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়াই ‘গ্রিনবার্তা’র অন্যতম উদ্দেশ্য।
তিনি আরও বলেন, বিশেষ করে তরুণ প্রজন্মকে পরিবেশ সংরক্ষণের উদ্যোগে যুক্ত করতে প্রকাশনাটি কার্যকর ভূমিকা রাখবে। টেকসই উন্নয়ন ও সবুজ ভবিষ্যৎ গড়তে জনসম্পৃক্ততা বাড়ানোর লক্ষ্যে গ্রিন কনসার্নস ফাউন্ডেশনের কার্যক্রম অব্যাহত থাকবে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এ এফ এম আশাদুজ্জামান, অ্যাডভোকেট নীলাঞ্জনা রিফাত (সুরভী), ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট মো. আকবর আলী, কোষাধ্যক্ষ সাইদুর রহমান, অ্যাডভোকেট ফখরুল বাহার সাকি, কবি গিরীশ গৈরিক ও কবি সৌম্য সালেকসহ আরও অনেকে।