নির্বাচনী ব্যয়ের তথ্য দাখিলের ক্ষেত্রে প্রার্থীর পাশাপাশি তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার বিধান যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮-এ সংশোধন আনা হয়েছে।
বুধবার এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সংশোধিত বিধান অনুযায়ী, মনোনয়নপত্রের ফরম-১-এ নির্বাচনী ব্যয় পরিচালনার জন্য ব্যবহৃত ব্যাংক হিসাবের তথ্যের সঙ্গে প্রার্থী অথবা তার নিয়োজিত নির্বাচনী এজেন্টের হিসাব নম্বর উল্লেখ করতে হবে।
ইসি জানিয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯৪-এ দেওয়া ক্ষমতাবলে নির্বাচন পরিচালনা বিধিমালার সংশ্লিষ্ট বিধান সংশোধন করা হয়েছে।
নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের পাশাপাশি প্রার্থীর হলফনামা সংক্রান্ত বিধানেও পরিবর্তন আনা হয়েছে।
সংশোধিত বিধিমালায় হলফনামার সংযুক্তি-১-এর ৩(খ) ক্রমিকে থাকা বিশেষ দ্রষ্টব্যের ভাষায় পরিবর্তন করা হয়েছে। আগে যে তথ্য দাখিল করা বাধ্যতামূলক ছিল, সংশোধনের পর সেটিকে ঐচ্ছিক হিসেবে বিবেচনার কথা বলা হয়েছে।
এ ছাড়া সংযুক্তি-১-এর ৩(গ) ক্রমিকে ‘অভিযুক্ত’ শব্দটির ব্যাখ্যাও নির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত বিধান অনুযায়ী, আদালত কর্তৃক যার বিরুদ্ধে অভিযোগ (চার্জ) গঠন করা হয়েছে, তাকে অভিযুক্ত হিসেবে বিবেচনা করা হবে।
প্রার্থীর হলফনামায় স্বামী বা স্ত্রী, সন্তান ও নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়ার বিষয়টিও ঐচ্ছিক করা হয়েছে। সংশোধিত বিধিমালার ক্রমিক ১০-এর বিশেষ দ্রষ্টব্যে বলা হয়েছে, ছকের ২, ৩ ও ৪ নম্বরে উল্লিখিত স্বামী বা স্ত্রী, সন্তান এবং নির্ভরশীলদের আয়করসংক্রান্ত তথ্য দেওয়া ঐচ্ছিক।
বিধিমালা সংশোধনের মাধ্যমে নির্বাচনী প্রতীক বরাদ্দের ক্ষেত্রেও নতুন বিধান যুক্ত করা হয়েছে। সংশোধিত বিধি ৯-এর উপবিধি (১) অনুযায়ী, সংশ্লিষ্ট বিধান অনুসরণ করে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকাভুক্ত প্রতীকগুলোর মধ্য থেকে প্রাপ্যতা অনুযায়ী একটি প্রতীক বরাদ্দ করা যাবে।
তবে গণপ্রতিনিধিত্ব আদেশের ২০ অনুচ্ছেদের ১ দফার অধীনে স্থগিত কোনো প্রতীক বরাদ্দ দেওয়া যাবে না।
গেজেটে মোট ১২০টি নির্বাচনী প্রতীকের তালিকা প্রকাশ করা হয়েছে। এর মধ্যে ৬৫ নম্বরে ‘নৌকা’ প্রতীককে স্থগিত হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্দের ক্ষেত্রে স্থগিত প্রতীক বাদ দিয়ে তালিকাভুক্ত ও প্রাপ্য প্রতীকগুলোর মধ্য থেকে বরাদ্দ দেওয়ার বিধান কার্যকর হবে। নির্বাচন কমিশনের প্রকাশিত নথিতেও জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকসংক্রান্ত সংশোধিত তালিকা ও বিধিমালা আলাদাভাবে প্রকাশ করা হয়েছে।