ফ্যাসিবাদী কায়দায় স্যালুট দেওয়ার অভিযোগে ইতালিয়ান ক্লাব এএস রোমার ১৬ সমর্থকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পুলিশ। এক থেকে পাঁচ বছর পর্যন্ত এই নিষেধাজ্ঞার আওতায় তারা ইতালির কোনো স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না।
রোমা পুলিশের এক বিবৃতির বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সিরি আ’তে আতালান্তার বিপক্ষে রোমার ঘরের মাঠের ম্যাচে ওই সমর্থকদের আচরণকে অনাকাঙ্ক্ষিত উদযাপন হিসেবে চিহ্নিত করা হয়েছে। নিষেধাজ্ঞা শুধু ইতালির ঘরোয়া ম্যাচে নয়, বিদেশের মাটিতে এএস রোমার ম্যাচ এবং ইতালির জাতীয় দলের ম্যাচের ক্ষেত্রেও কার্যকর হবে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত ১৬ জনের মধ্যে চারজনকে ম্যাচ চলাকালে পুলিশের কাছে নিজেদের অবস্থান জানাতে হবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘটে গত ৫ সেপ্টেম্বর আতালান্তার বিপক্ষে রোমার ২-১ গোলের জয়ের পর। ম্যাচের শেষ দিকে মারিও হারমোসো ও মাতিয়াস সুলে গোল করে রোমাকে জয় এনে দেন। এরপর স্টেডিয়ামের ‘কার্ভা সুদ’ অংশে থাকা রোমার কট্টর সমর্থকদের একটি অংশ সোজা হাত উঁচু করে ফ্যাসিবাদী অভিবাদনের ভঙ্গিতে জয় উদযাপন করে।
ইতালির ফুটবল সংস্কৃতিতে ‘আল্ট্রাস’ নামে পরিচিত কট্টর সমর্থকগোষ্ঠীর মধ্যে উগ্র-ডানপন্থী মতাদর্শের উপস্থিতি নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা রয়েছে। দেশটির রাষ্ট্রীয় আইনজীবীদের তদন্তে কিছু আল্ট্রাস সদস্যের সঙ্গে সংঘবদ্ধ অপরাধ এবং উগ্র-ডানপন্থী ও চরমপন্থী নেটওয়ার্কের যোগাযোগের বিষয়ও উঠে এসেছে।
তবে ইতালিতে সব পরিস্থিতিতে ফ্যাসিবাদী স্যালুট প্রদর্শনকে সরাসরি নিষিদ্ধ করা হয়নি। এ ধরনের ঘটনায় আদালত সাধারণত সংশ্লিষ্ট পরিস্থিতি ও ঘটনার প্রেক্ষাপট আলাদাভাবে বিবেচনা করে। একই সঙ্গে ফ্যাসিবাদী মতাদর্শের পুনরুত্থান এবং জাতিগত বিদ্বেষ উসকে দেওয়া নিষিদ্ধ করে দেশটির বিদ্যমান আইনের আওতায় এ ধরনের আচরণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ রয়েছে।