লিওনেল মেসি ও নিকোলাস ওতামেন্দির আন্তর্জাতিক ফুটবল থেকে সরে দাঁড়ানোর ঘোষণার পর নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে আর্জেন্টিনা। এর সঙ্গে ২০২৬ বিশ্বকাপ ফাইনালের পর পাওয়া নিষেধাজ্ঞায় কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়ে আসন্ন আন্তর্জাতিক উইন্ডোর দল নিয়ে বাড়তি ভাবতে হচ্ছে কোচ লিওনেল স্কালোনিকে।
৩১ আগস্ট বিশ্বকাপজয়ী অধিনায়ক মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন। তার আগে একই সিদ্ধান্তের কথা জানান অভিজ্ঞ ডিফেন্ডার ওতামেন্দি। ফলে দীর্ঘদিনের দুই গুরুত্বপূর্ণ সদস্যকে ছাড়াই ভবিষ্যতের দল গড়ার প্রস্তুতি নিতে হচ্ছে আর্জেন্টাইন কোচকে।
মেসি-ওতামেন্দির অনুপস্থিতির পাশাপাশি নিষেধাজ্ঞার কারণে সেপ্টেম্বর-অক্টোবর আন্তর্জাতিক উইন্ডারে কয়েকজনকে পাচ্ছেন না স্কালোনি।
নিষেধাজ্ঞায় রয়েছেন লিয়েন্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদা। তাদের মধ্যে পারেদেসকে ১০ ম্যাচ, মোলিনাকে ৭ ম্যাচ এবং আলমাদাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে।
ফলে বিশ্বকাপজয়ী দলের বেশ কয়েকজনকে না পাওয়ায় নতুন সমন্বয় নিয়ে ভাবতে হচ্ছে আর্জেন্টিনার কোচিং স্টাফকে।
আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আসন্ন আন্তর্জাতিক উইন্ডোতে কয়েকজন নতুন বা অপেক্ষাকৃত কম সুযোগ পাওয়া খেলোয়াড়কে দেখা যেতে পারে।
অ্যাস্টন ভিলার এমিলিয়ানো বুয়েন্দিয়া, রোমার লিওনার্দো এবং লোবোস স্ট্রাইকার সান্তি ক্যাস্ত্রোর নাম সম্ভাব্য তালিকায় রয়েছে বলে জানা গেছে। ইনজুরির কারণে বিশ্বকাপ মিস করা লিওনার্দোকেও আবার দলে বিবেচনা করা হতে পারে।
দেশটির ঘরোয়া ফুটবল থেকেও কয়েকজন খেলোয়াড়কে জাতীয় দলের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানা গেছে। বিশেষ করে রিভার প্লেটের কয়েকজন ফুটবলারের প্রতি নজর রয়েছে আর্জেন্টিনা কোচিং স্টাফের।
আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনার প্রথম ম্যাচের এখনও ২০ দিনের বেশি সময় বাকি। সাধারণত ম্যাচের প্রায় এক সপ্তাহ আগে চূড়ান্ত দল ঘোষণা করেন স্কালোনি। এর আগে প্রাথমিক স্কোয়াডও প্রস্তুত করা হয়।
তবে এবার সেই প্রাথমিক তালিকা প্রকাশ্যে না আসায় সম্ভাব্য দল নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দলে বড় কোনো চমক থাকছে কি না, সেটিও এখন আলোচনার বিষয়।
আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন অবশ্য মনে করছে, দল ঘোষণায় এখনও কোনো অস্বাভাবিক বিলম্ব হয়নি।
মেসি ওতামেন্দির বিদায়ের পর নেতৃত্বের ক্ষেত্রেও পরিবর্তন আসতে পারে আর্জেন্টিনায়। অভিজ্ঞ দুই তারকার অনুপস্থিতিতে ক্রিস্টিয়ান রোমেরোকে অধিনায়কের আর্মব্যান্ড দেওয়ার সম্ভাবনা রয়েছে।
এদিকে জাতীয় দলের প্রীতি ম্যাচে চেলসিতে যোগ দেওয়া গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ এবং মেসির ইন্টার মায়ামি সতীর্থ রদ্রিগো ডি পলকে দেখা যেতে পারে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মেসি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেও তার জাতীয় দলের অধ্যায় পুরোপুরি শেষ হয়েছে কি না, তা নিয়ে এখনও আলোচনা রয়েছে।
২১ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের পর মেসি সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তবে স্পেনের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালই যে তার শেষ আন্তর্জাতিক ম্যাচ, সেটি নিশ্চিত নয়।
বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, আসন্ন আন্তর্জাতিক বিরতিতে মেসিকে দলে রাখার সম্ভাবনা কম। একই সঙ্গে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন দেশের মাটিতে তাকে সমর্থকদের সামনে একটি বিদায়ী ম্যাচ খেলার সুযোগ দিতে আগ্রহী।
এর মধ্যেই আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির চুক্তির মেয়াদ ডিসেম্বর মাসে শেষ হওয়ার কথা। টিওয়াইসি স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, তার সঙ্গে চুক্তি নবায়ন নিয়ে এএফএর মধ্যে আশাবাদ রয়েছে।
সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আর্জেন্টিনার ২ থেকে ৩টি প্রীতি ম্যাচ আয়োজনের জন্য প্রতিপক্ষ চূড়ান্ত করার প্রক্রিয়াও চলছে।
মেসি-ওতামেন্দির বিদায়, একাধিক খেলোয়াড়ের নিষেধাজ্ঞা এবং নতুনদের সুযোগ দেওয়ার সম্ভাবনা—সব মিলিয়ে আর্জেন্টিনার পরবর্তী দলটিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিতই মিলছে। বিশ্বকাপজয়ী দলটির নতুন অধ্যায়ের শুরুটা তাই কেমন হয়, সেটিই এখন দেখার অপেক্ষা।