নাট্য রচনায় বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা পেয়েছেন বাংলাদেশের নাট্যকার, অভিনেতা ও কবি আসাদুল ইসলাম। কলকাতার নাট্যদল ‘সুন্দরম’ আয়োজিত নাট্যজন মনোজ মিত্র প্রকল্পিত আন্তর্জাতিক মৌলিক পূর্ণাঙ্গ বাংলা নাটক রচনা প্রতিযোগিতা-এর ৩৩তম বর্ষের (২০২৫) আয়োজনে তার রচিত ‘অপারেশন জ্যাকপট’ নাটকটি নির্বাচিত হওয়ায় নাট্যকার হিসেবে তাকে এ সম্মাননা দেওয়া হয়।
গত ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় কলকাতার একাডেমি অব ফাইন আর্টসে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন আসাদুল ইসলাম।
বাংলাদেশের নাট্যাঙ্গনে দীর্ঘদিন ধরে সক্রিয় আসাদুল ইসলাম একই সঙ্গে নাট্যকার, অভিনেতা ও নির্দেশক হিসেবে কাজ করছেন। তিনি ‘ম্যাড থেটার’-এর প্রধান নির্বাহী। তার নাট্যচর্চায় সমকালীন ভাবনা, ইতিহাস ও মানুষের জীবনঘনিষ্ঠ বিষয় উঠে আসে।
বর্তমানে তার রচনা, নির্দেশনা ও অভিনয়ে মঞ্চস্থ জনপ্রিয় নাটক ‘রবীন্দ্রনাথের দ্বিতীয় বিজয়া’ ঢাকার দর্শকদের মধ্যে সাড়া ফেলেছে। নাটকটি নিয়ে দর্শক ও নাট্যকর্মীদের কাছ থেকেও প্রশংসা পাচ্ছেন তিনি।
কলকাতার এই সম্মাননা বাংলাদেশের নাট্যচর্চার জন্যও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিশেষ করে আন্তর্জাতিক পরিসরে একটি মৌলিক বাংলা নাটকের জন্য বাংলাদেশের নাট্যকারের স্বীকৃতি দুই বাংলার সাংস্কৃতিক যোগাযোগকে আরও সমৃদ্ধ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
আসাদুল ইসলামের সঙ্গে বাংলা নাটকের কিংবদন্তি নাট্যব্যক্তিত্ব মনোজ মিত্রের রয়েছে আরেকটি বিশেষ যোগসূত্র। দুজনেরই শেকড় সাতক্ষীরায়। সংস্কৃতির উর্বর এই জনপদ বাংলা নাট্যাঙ্গনে একদিকে যেমন মনোজ মিত্রের মতো প্রবাদপ্রতিম নাট্যজন উপহার দিয়েছে, অন্যদিকে সমকালীন সময়ে আসাদুল ইসলামের মতো নাট্যকার ও অভিনয়শিল্পীর হাত ধরে সেই ঐতিহ্যও এগিয়ে চলেছে।
‘অপারেশন জ্যাকপট’-এর জন্য পাওয়া এই সম্মাননা তাই শুধু আসাদুল ইসলামের ব্যক্তিগত অর্জন নয়, বরং বাংলাদেশের মৌলিক বাংলা নাট্যচর্চার জন্যও একটি উল্লেখযোগ্য স্বীকৃতি হিসেবে বিবেচিত হচ্ছে।