দেশের বিভিন্ন অঞ্চলে ডেঙ্গু পরিস্থিতি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। রাজধানীর পাশাপাশি জেলাগুলোতেও বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। রোগীর চাপ বেড়ে যাওয়ায় অনেক হাসপাতালেই চিকিৎসাসেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। কোথাও শয্যার সংকটে মেঝে ও করিডোরে, আবার কোথাও বারান্দায় রোগীদের চিকিৎসা নিতে হচ্ছে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য বলছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এক দিনে এটাই সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৫৭১ জন, যা এ বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ রোগী ভর্তি হওয়ার রেকর্ড।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
নতুন করে ৯ জনের মৃত্যু নিয়ে চলতি বছর ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন মোট ১৩০ জন। আর বছরের শুরু থেকে এ পর্যন্ত আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৫ হাজার ৩৯৪ জন।
এর আগে ১ সেপ্টেম্বর এক দিনে সর্বোচ্চ ১ হাজার ৩২৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর ১ সেপ্টেম্বর ও ২৩ আগস্ট ডেঙ্গুতে পাঁচজন করে মারা যান।
বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে ডেঙ্গুর প্রকোপ সবচেয়ে বেশি পিরোজপুরে। আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জেলা হাসপাতালসহ সরকারি হাসপাতালগুলোতে দেখা দিয়েছে তীব্র শয্যা সংকট।