যুবসমাজের নৈতিক অবক্ষয় রোধ এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখার দাবিতে অতিরিক্ত প্রেম ও রোমান্টিক কনটেন্টনির্ভর নাটক-সিনেমা নির্মাণ ও প্রচার বন্ধের উদ্যোগ নিতে সরকারকে আইনি নোটিশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. মাহমুদুল হাসান মামুন জনস্বার্থে এই নোটিশ পাঠান।
মন্ত্রিপরিষদ সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের চেয়ারম্যানকে নোটিশের পক্ষভুক্ত করা হয়েছে।
নোটিশে অভিযোগ করা হয়, সাম্প্রতিক নাটক ও চলচ্চিত্রে প্রেম ও রোমান্টিক সম্পর্ককে কেন্দ্র করে কনটেন্টের আধিক্য দেখা যাচ্ছে। এর নেতিবাচক প্রভাব পড়ছে তরুণ ও শিক্ষার্থীদের ওপর। এতে পড়াশোনা ও কর্মজীবনের প্রতি মনোযোগ কমার পাশাপাশি পরকীয়া ও বিবাহবহির্ভূত সম্পর্ককে স্বাভাবিক হিসেবে উপস্থাপনের প্রবণতা তৈরি হচ্ছে বলেও দাবি করা হয়েছে।
আইনি নোটিশে সংবিধানের বিভিন্ন বিধানের কথাও তুলে ধরা হয়েছে। সেখানে বলা হয়, সংবিধানের ২১(১) অনুচ্ছেদে নাগরিকের আইন মানা ও শৃঙ্খলা রক্ষার দায়িত্বের কথা উল্লেখ রয়েছে। একই সঙ্গে ৩৯ অনুচ্ছেদে মতপ্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে শালীনতা ও নৈতিকতার বিষয়টি বিবেচনার সুযোগ রয়েছে এবং ২৩ অনুচ্ছেদে জাতীয় সংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে রাষ্ট্রের দায়িত্বের কথা বলা হয়েছে।
নোটিশে প্রেমকেন্দ্রিক কনটেন্টের পরিবর্তে বিজ্ঞান, শিক্ষা, ইতিহাস, মুক্তিযুদ্ধ ও প্রতিরক্ষাবিষয়ক নাটক ও চলচ্চিত্র নির্মাণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়ার দাবি জানানো হয়েছে।
আইনি নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী ১০ দিনের মধ্যে কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ব্যবস্থা না নিলে বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে রিট আবেদন করা হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।