মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি হিসেবে চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছেন নাটোরের বাগাতিপাড়ার মেধাবী শিক্ষার্থী মোছা. ফাতেমা খানম। তবে উচ্চশিক্ষার পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল অর্থের সংকট।
ফাতেমার এই সমস্যার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন নাটোর-১ আসনের সংসদ সদস্য ও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। ফাতেমার মেডিকেল শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে ভর্তি খরচের জন্য সহযোগিতার উদ্যোগ নেন তিনি।
এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ফাতেমার জন্য ৫ লাখ টাকা অনুদানের ব্যবস্থা করা হয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে এই অনুদানের অর্থ ফাতেমা খানমের কাছে তুলে দেন।
এই আর্থিক সহায়তা পাওয়ায় চীনের চায়না মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার প্রক্রিয়া ফাতেমার জন্য অনেকটাই সহজ হয়েছে। অর্থনৈতিক প্রতিবন্ধকতা পেরিয়ে চিকিৎসক হওয়ার স্বপ্নপূরণের পথে এখন নতুন উদ্যমে এগিয়ে যেতে পারবেন তিনি।
ফাতেমা নাটোরের বাগাতিপাড়া উপজেলার তমালতলা কাকফো গ্রামের বাসিন্দা। মেধা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে বিদেশের একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়া এই শিক্ষার্থীর স্বপ্ন এখন চিকিৎসক হয়ে মানুষের সেবা করা।