রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানের সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের আলামত উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পৃথকভাবে ৩০টি মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানিয়েছেন।
ডিএমপি সূত্রে জানা গেছে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৩১ জন, লালবাগ বিভাগে ৩২ জন, ওয়ারী বিভাগে ৮৫ জন, মতিঝিল বিভাগে ৫৭ জন এবং তেজগাঁও বিভাগে ৫৬ জন রয়েছেন। এছাড়া মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে গুলশান বিভাগে ৪৭ জন, উত্তরা বিভাগে ৬১ জন, গোয়েন্দা বিভাগে চারজন এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযানকালে পুলিশ ৫ হাজার ৪৪৫ পিস ইয়াবা, ৩১ কেজি ২০০ গ্রাম গাঁজা এবং ২০ বোতল ইস্কাফ সিরাপ উদ্ধার করে। পাশাপাশি ২১টি মোবাইল ফোন, বিভিন্ন ব্যাংকের আটটি ভিসা ও ক্রেডিট কার্ড, একটি প্রাইভেটকার এবং বিভিন্ন কোম্পানির ১৪৬টি সিম কার্ড জব্দ করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিদেরও আটক করা হয়েছে।
গ্রেপ্তারদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।