নিজস্ব প্রতিবেদক:
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে উপসর্গ ও নিশ্চিত রোগী মিলিয়ে নতুন করে এক হাজার ৭২ জন আক্রান্ত শনাক্ত হয়েছেন।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক হাজার চারজন রোগী শনাক্ত হয়েছেন। আর পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৬৮ জনের শরীরে।
গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মোট এক লাখ ৪৬ হাজার ৭১৫ জন আক্রান্ত হয়েছেন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ হাজার ১৪৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, এ সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক লাখ ২৮ হাজার ২৬ জন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন এক লাখ ২৩ হাজার ৬৮৪ জন।
গত ১৫ মার্চ থেকে ২০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৮২৬ শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে গত ২৪ ঘণ্টায় পরীক্ষায় নিশ্চিত হওয়া হামে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
অন্যদিকে, একই সময়সীমায় নিশ্চিত হামে মোট ৯৯ জনের মৃত্যু হয়েছে।
হামের উপসর্গ নিয়ে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্যবিধি মেনে চলা এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণের ওপর গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।