ভারতের অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে শিক্ষকের শারীরিক শাস্তির পর ছয় বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগ উঠেছে। হোমওয়ার্ক না করায় শিক্ষক শিশুটিকে থাপ্পড় ও বেত দিয়ে মারধর করেন বলে পরিবারের অভিযোগ।
নিহত শিশুটির নাম প্রণয় তেজা। বিশাখাপত্তনমের ওয়ান টাউন এলাকার একটি বেসরকারি স্কুলে এ ঘটনা ঘটে।
পরিবারের দাবি, হোমওয়ার্ক না করায় শিক্ষক শিশুটিকে শাস্তি দেওয়ার একপর্যায়ে থাপ্পড় ও বেত দিয়ে আঘাত করেন। এরপর হঠাৎ মাটিতে পড়ে যায় প্রণয়। দ্রুত তাকে কিং জর্জ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ ও রাজস্ব বিভাগের কর্মকর্তারা। শিশুটির মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে ময়নাতদন্ত করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পরিবারের সদস্য ও স্বজনেরা হাসপাতালে জড়ো হন। তারা ঘটনার জন্য দায়ী ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
নিহত শিশুর পরিবারের ভাষ্য, ঘটনার দিন সকালে প্রণয় সম্পূর্ণ সুস্থ ছিল। সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে স্কুলে যাওয়ার আগ্রহ প্রকাশ করে সে। শুরুতে পরিবারের পক্ষ থেকে তাকে স্কুলে পাঠাতে অনীহা থাকলেও পরীক্ষা সামনে থাকায় শেষ পর্যন্ত তাকে পাঠানো হয়।
এদিকে শিশুটির মৃত্যুকে ঘিরে স্কুলে শিক্ষার্থীদের ওপর শারীরিক শাস্তির বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তদন্ত শেষে ঘটনায় কারও দায় প্রমাণিত হলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।