নেপাল ও তিব্বত সীমান্তে ভয়াবহ ভূমিকম্প, তুষারধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বুধবার (২৬ আগস্ট) রাতে দেওয়া এক বিবৃতিতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এ শোক জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, নেপাল ও তিব্বত সীমান্তে সংঘটিত ভয়াবহ ভূমিকম্পের পর তুষারধস ও আকস্মিক বন্যায় প্রাণহানি এবং ধ্বংসযজ্ঞের ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। বিশেষ করে নেপালের রসুয়া ও নুওয়াকোট জেলা এবং তিব্বত সীমান্তবর্তী এলাকায় প্রাণহানি ও নিখোঁজের ঘটনায় তিনি উদ্বেগ প্রকাশ করেন।
তিনি বলেন, দুর্যোগে শিশু, নিরাপত্তা বাহিনীর সদস্যসহ নেপালি ও বিদেশি পর্যটকদের অনেকে হতাহত ও নিখোঁজ হয়েছেন। নিখোঁজ ব্যক্তিদের সন্ধান ও উদ্ধারে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। একই সঙ্গে দুর্গত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট দেশগুলোর সরকার এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি।
জামায়াতের এই নেতা দুর্যোগে নিহতদের জন্য মাগফিরাত ও মর্যাদা কামনা করেন। পাশাপাশি নিহতদের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিখোঁজ ব্যক্তিদের দ্রুত জীবিত অবস্থায় উদ্ধারের প্রত্যাশা ব্যক্ত করেন। আহতদের দ্রুত সুস্থতার জন্যও দোয়া করেন তিনি।
বিবৃতিতে আরও বলা হয়, এই কঠিন সময়ে নেপাল সরকার ও দেশটির জনগণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবার এবং সংশ্লিষ্ট দেশগুলোর মানুষের প্রতি গভীর সহমর্মিতা প্রকাশ করছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।