দলের নাম ব্যবহার করে কেউ অনিয়ম, অপকর্ম বা অনৈতিক কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর জনগণের কল্যাণকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। এসব উদ্যোগের কারণে জনগণের মধ্যে বিএনপি ও তারেক রহমানের প্রতি সমর্থন আরও বেড়েছে বলেও দাবি করেন তিনি।
তবে দলের এই জনপ্রিয়তা ধরে রাখতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন দলীয় শৃঙ্খলা ও নেতাকর্মীদের জবাবদিহিতা নিশ্চিত করা—এমন মন্তব্য করেন বিএনপির এই নেতা।
তিনি বলেন, বিএনপিকে ঘিরে নানা ধরনের ষড়যন্ত্র চলছে। তবে এসব প্রতিকূলতা মোকাবিলা করেই দল সামনে এগিয়ে যাচ্ছে। নেতাকর্মীদের জনগণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার ওপরও গুরুত্ব দেন তিনি।
রিজভী বলেন, ৫ আগস্টের পর থেকে দলের পরিচয় ব্যবহার করে যারা অপকর্মে জড়িয়েছেন, তাদের বিরুদ্ধে দলীয়ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের কোথাও বিচ্ছিন্নভাবে কেউ অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে থাকলে তাদের দ্রুত নিজেদের সংশোধন করে জনকল্যাণমূলক ও গঠনমূলক কাজে ফিরে আসার আহ্বান জানান তিনি।
দলের প্রতিটি কর্মকাণ্ডে জবাবদিহিতা নিশ্চিত করার কথাও তুলে ধরেন রিজভী। তার ভাষ্য, নেতাকর্মীরা যদি জনগণের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এবং তাদের সমস্যার পাশে দাঁড়ান, তাহলে অনৈতিক কর্মকাণ্ডের সুযোগ অনেকটাই কমে যাবে।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রিজভী জানান, দলীয় প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় নেতৃবৃন্দ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। দলীয় প্রতীক না থাকায় স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীদের বিজয়ের সম্ভাবনাও দেখছেন তিনি।
তিনি আরও বলেন, শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া নারীর ক্ষমতায়ন এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাদের ধারাবাহিকতায় তারেক রহমানও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছেন বলে দাবি করেন রিজভী।
তার প্রত্যাশা, জনগণের স্বার্থকে সামনে রেখে এসব কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে বিএনপির প্রতি মানুষের আস্থা, ভালোবাসা ও সমর্থন আরও শক্তিশালী হবে।