নারায়ণগঞ্জে ইসলামী যুব আন্দোলনের নেতা বুলবুল আহমেদ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে সারা দেশে কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান।
শুক্রবার (২১ আগস্ট) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজ শেষে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ সমাবেশে তিনি এ হুঁশিয়ারি দেন। পরে পল্টন এলাকায় একটি বিক্ষোভ মিছিলও অনুষ্ঠিত হয়।
এর আগে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জের বন্দরের সালেহনগর এলাকায় হামলায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের নেতা বুলবুল আহমেদ নিহত হন বলে অভিযোগ ওঠে। নিহত বুলবুল আহমেদ শাহী মসজিদ এলাকার রাজা মাস্টারের ছেলে।
সমাবেশে গাজী আতাউর রহমান অভিযোগ করেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণেই এ ধরনের ঘটনা ঘটছে। বুলবুল হত্যাকাণ্ডে দায়ীদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার ও শাস্তির আওতায় আনার দাবি জানান তিনি।
তিনি বলেন, শুধু গ্রেপ্তার দেখালেই হবে না, হত্যাকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিয়ে বিচার নিশ্চিত করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দেশব্যাপী কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
নারায়ণগঞ্জে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আন্দোলন জোরদারের ঘোষণাও দেন ইসলামী আন্দোলনের মহাসচিব। তিনি সাধারণ মানুষকে এসব অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।
এদিকে বুলবুল আহমেদ হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ইসলামী যুব আন্দোলনের নেতাকর্মীরা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।