লিভারপুল অধ্যায় শেষ করে তুরস্কের ত্রাবজোনস্পোরে পাড়ি জমিয়েই আলো ছড়াচ্ছেন মোহামেদ সালাহ। নতুন ক্লাবের জার্সিতে দুর্দান্ত ছন্দ ধরে রেখে এবার প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন মিশরীয় এই তারকা। শুধু তিন গোলই নয়, সতীর্থকে দিয়ে করিয়েছেন আরও একটি গোল।
সালাহর দুর্দান্ত পারফরম্যান্সে তুরস্ক সুপার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গালাতাসারেইকে ৪-০ গোলে হারিয়েছে ত্রাবজোনস্পোর। ম্যাচের আগে পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে অপরাজিত ছিল গালাতাসারেই। এই হারে তাদের অপরাজিত যাত্রা থামলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে দলটি।
অন্যদিকে ছয় ম্যাচে তৃতীয় জয় তুলে নিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে ত্রাবজোনস্পোর। শীর্ষে থাকা গালাতাসারেইয়ের চেয়ে এখন তিন পয়েন্ট পিছিয়ে সালাহর দল।
গালাতাসারেইয়ের বিপক্ষে ম্যাচের মাত্র চতুর্থ মিনিটেই গোলের খাতা খোলেন সালাহ। মাঝমাঠ থেকে বল নিয়ে দ্রুত প্রতিপক্ষের রক্ষণে ঢুকে পড়েন তিনি। এরপর ঠান্ডা মাথায় বল জালে পাঠিয়ে এগিয়ে দেন ত্রাবজোনস্পোরকে।
প্রথমার্ধের শেষ দিকে আরও দুই গোলের সঙ্গে সরাসরি যুক্ত হন মিশরীয় ফরোয়ার্ড। ৩৯ মিনিটে তার বাড়ানো বল থেকে নোয়াহ সাভিওলো ব্যবধান দ্বিগুণ করেন।
এর মাত্র পাঁচ মিনিট পর নিজের দ্বিতীয় গোলটি করেন সালাহ। ফ্রাঙ্কুলিনো জুরের সহায়তায় পাওয়া বল নিখুঁত ফিনিশিংয়ে জালে পাঠিয়ে ত্রাবজোনস্পোরকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেন তিনি।
দ্বিতীয়ার্ধেও থামেনি সালাহর দাপট। ম্যাচের ৮০তম মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি।
এবার মাঠের মাঝামাঝি এলাকা থেকে বল নিয়ে দীর্ঘ দৌড়ে প্রতিপক্ষের বক্সে ঢুকে পড়েন সালাহ। সামনে বাধা না থাকায় নিজের পরিচিত সাইড-ফুট ফিনিশে বল পাঠিয়ে দেন জালে। তাতেই নিশ্চিত হয় তার হ্যাটট্রিক এবং দলের ৪-০ গোলের জয়।
ম্যাচে হতাশায় নিয়ন্ত্রণ হারান গালাতাসারেই কোচ ওকান বুরুক। ৭১ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় তাকে।
এরপর ৮৭ মিনিটে দলের মিডফিল্ডার লেসলি উগোচুকুও লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় গালাতাসারেই। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলেও ৪-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ত্রাবজোনস্পোর।
ত্রাবজোনস্পোরের ঘরের মাঠে নিজের প্রথম তিন ম্যাচেই গোল করে একটি বিশেষ কীর্তিও গড়েছেন সালাহ। ২০০০-০১ মৌসুমের পর প্রথম বিদেশি ফুটবলার হিসেবে ক্লাবটির মাঠে প্রথম তিন ম্যাচেই গোল করার নজির গড়েছেন তিনি।
এই তিন ম্যাচে সালাহর গোলসংখ্যা দাঁড়িয়েছে ছয়টিতে। এর সঙ্গে যোগ হলো ত্রাবজোনস্পোরের হয়ে তার ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিকও।