সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :

রোবলক্সে বড় পরিবর্তন, প্ল্যাটফর্মের বাইরে গেম ছড়ানোর সুযোগ নির্মাতাদের

ইমরোজ শাহেদ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

গেম নির্মাতাদের জন্য নতুন বেশ কয়েকটি সুবিধা চালুর ঘোষণা দিয়েছে জনপ্রিয় অনলাইন গেমিং প্ল্যাটফর্ম রোবলক্স। এর ফলে নির্মাতারা শুধু রোবলক্সের মূল অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ থাকবেন না; চাইলে নিজেদের তৈরি গেম আলাদা অ্যাপ্লিকেশন হিসেবে মোবাইল, কম্পিউটার ও বিভিন্ন গেম কনসোলে প্রকাশ করতে পারবেন।

শুক্রবার আয়োজিত নির্মাতাদের সম্মেলনে নতুন এসব পরিকল্পনার কথা জানিয়েছে রোবলক্স। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়েছে, আলাদা অ্যাপ হিসেবে গেম পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রযুক্তি ও সেবা নির্মাতাদের সরবরাহ করা হবে। এতে গেমগুলো আরও বড় পরিসরে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ তৈরি হবে।

ব্রাউজার থেকেই খেলা যাবে রোবলক্সের গেম

রোবলক্স ব্যবহারকারীদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে বছরের শেষ নাগাদ। গুগল ক্রোম ব্রাউজার থেকেই সরাসরি রোবলক্সের গেম খেলার সুবিধা চালুর পরিকল্পনা করেছে প্রতিষ্ঠানটি।

এ ক্ষেত্রে গেম খেলতে আলাদা করে অ্যাপ ডাউনলোড করতে হবে না। গেমের তথ্যসংক্রান্ত পেজে থাকা অপশন থেকেই সরাসরি গেম চালু করা যাবে। পরবর্তী সময়ে অন্যান্য ওয়েব ব্রাউজারেও একই সুবিধা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রোবলক্সের।

অনলাইন-অফলাইন দুইভাবেই খেলার সুযোগ

নতুন সুবিধার তালিকায় থাকছে অনলাইন ও অফলাইন—দুই ধরনের গেমপ্লের সুযোগ। এর ফলে কোনো গেমের সিঙ্গেল-প্লেয়ার বা একক খেলোয়াড়ের অংশ ইন্টারনেট সংযোগ ছাড়াও খেলা সম্ভব হবে।

এতে বিশেষ করে এমন ব্যবহারকারীরা সুবিধা পাবেন, যাদের সবসময় স্থিতিশীল ইন্টারনেট সংযোগ থাকে না।

গেম তৈরিতে বাড়ছে এআইয়ের ব্যবহার

গেম নির্মাণের প্রক্রিয়াকে আরও সহজ করতে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারও বাড়াচ্ছে রোবলক্স। এ উদ্যোগের অংশ হিসেবে ‘বিল্ড’, ‘সিন জেনারেটর’ এবং এআই-নির্ভর চরিত্র তৈরির মতো নতুন সুবিধা যুক্ত হচ্ছে।

এরই মধ্যে গত জুলাইয়ে ‘বিল্ড’ সুবিধা চালু করেছে প্রতিষ্ঠানটি। এতে নির্মাতারা লিখিত নির্দেশনা দিয়েই গেমের প্রাথমিক কাঠামো তৈরি, পরীক্ষা এবং প্রকাশ করতে পারেন।

রোবলক্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এই সুবিধা ব্যবহার করে প্রায় ৯ হাজার গেম প্রকাশ করা হয়েছে। এসব গেমের নির্মাতাদের প্রায় ৭১ শতাংশ এর আগে রোবলক্স স্টুডিও ব্যবহার করেননি। অর্থাৎ নতুন প্রযুক্তিটি গেম তৈরির ক্ষেত্রে নতুন নির্মাতাদেরও যুক্ত হওয়ার সুযোগ করে দিচ্ছে।

ছবি ও নির্দেশনা থেকেই তৈরি হবে গেমের পরিবেশ

এ বছরের শেষের দিকে ‘সিন জেনারেটর’ সুবিধা চালুর পরিকল্পনা রয়েছে রোবলক্সের। এর মাধ্যমে লিখিত নির্দেশনার পাশাপাশি একটি নমুনা ছবি ব্যবহার করে গেমের জন্য প্রয়োজনীয় পরিবেশ বা দৃশ্য তৈরি করা যাবে।

এ ছাড়া গেম পরীক্ষার সময় কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি চরিত্র ব্যবহারের সুবিধাও আনতে যাচ্ছে রোবলক্স। ফলে গেম নির্মাতারা বাস্তব খেলোয়াড় ছাড়াই গেমের বিভিন্ন অংশ পরীক্ষা করার সুযোগ পাবেন।

নতুন এসব উদ্যোগের মাধ্যমে গেম তৈরি ও প্রকাশের প্রক্রিয়াকে আরও সহজ করার পাশাপাশি নির্মাতাদের জন্য রোবলক্সের পরিধিও বাড়ানোর লক্ষ্য নিয়েছে প্রতিষ্ঠানটি।

এ বিভাগের আরো সংবাদ

আজকের নামাজের সময়সুচী

  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৪:৩০ পূর্বাহ্ণ
  • ১১:৫৯ পূর্বাহ্ণ
  • ১৬:২৩ অপরাহ্ণ
  • ১৮:১১ অপরাহ্ণ
  • ১৯:২৫ অপরাহ্ণ
  • ৫:৪২ পূর্বাহ্ণ
©2026 All rights reserved
Design by: POPULAR HOST BD
themesba-lates1749691102