কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবাগান থেকে ঝুলন্ত অবস্থায় মোহাম্মদ আমিন উল্লাহ (৩৫) নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকাল ৯টায় সমুদ্রসৈকতের পর্যটন গালফ মাঠ সংলগ্ন ঝাউবাগান থেকে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান সদর থানার ওসি ইলিয়াছ খান। আমিন উল্লাহ উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের দক্ষিণ বালুখালী এলাকার মৃত জুনু মিয়ার ছেলে। তিনি দৈনিক প্রাণের বাংলাদেশ নামে একটি পত্রিকার উখিয়া প্রতিনিধি এবং উখিয়া নিউজ নামের অনলাইন ভিত্তিক ফেসবুক পেইজের অ্যাডমিন।

পাশাপাশি তিনি পেশায় উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের ফ্রেন্ডশিপ ফিল্ড হাসপাতালের কর্মচারী ছিলেন। ওসি ইলিয়াছ খান বলেন, ঝাউবাগানে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় যুবকের মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করেছে। ওই যুবককে গাছের সঙ্গে নাইলনের রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। তার পা মাটির সঙ্গে ছুঁই ছুঁই অবস্থায় ঝুলছিল। গলায় রশির ছাড়া শরীরের অন্য কোথাও আঘাতের চিহ্ন নেই। ওসি আরও বলেন, প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করছে। ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

One thought on “কক্সবাজার সৈকতের ঝাউবাগান থেকে যুবকের লাশ উদ্ধার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *